প্রিন্ট এর তারিখঃ Sep 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2026 ইং
সাঙ্গু নদীতে ভাসছিল অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তুলাতলী এলাকায় সাঙ্গু নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দিলে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহির আমিন বলেন, চরতী ইউনিয়নের তুলাতলী এলাকায় সাঙ্গু নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত ও তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট